জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি কারও নাম উল্লেখ না করলেও অনেকেই মনে করছেন, তার মন্তব্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ঘিরে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দেওয়া পোস্টে আসিফ আকবর লেখেন, ‘দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জ্বিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী।’
পোস্টটি প্রকাশের পর থেকেই অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকের ধারণা, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনলাইন সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের যুক্ত থাকার বিষয়টিকেই ইঙ্গিত করেছেন আসিফ আকবর। যদিও তার পোস্টে সরাসরি কারও নাম উল্লেখ করা হয়নি।
সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করেছেন আসিফ আকবর। এবারও তার এই মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে আলোচনা ও নানা প্রতিক্রিয়া। কেউ তার বক্তব্যকে ব্যক্তিগত মতামত হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টি নিয়ে ভিন্নমত প্রকাশ করছেন।
এদিকে সাকিব আল হাসানকে ঘিরে সাম্প্রতিক আরেকটি ঘটনাও আলোচনায় রয়েছে। বুধবার (৫ আগস্ট) রাতে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত তার পৈতৃক বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে, ককটেল সদৃশ বস্তু ছোড়ে এবং আগুন দেওয়ার চেষ্টা চালায়। এতে বাড়ির মূল ফটকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে অগ্নিসংযোগের চেষ্টার কিছু আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে হামলা চালিয়ে দ্রুত সরে যায়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার খাইরুল হাসান জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
তবে আসিফ আকবরের ফেসবুক পোস্ট কিংবা সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে এখন পর্যন্ত সাকিব আল হাসান বা তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
