মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর পূর্বপাড়া গ্রামের তিন রাস্তার মোড় বটতলা এলাকা থেকে হেরোইন ক্রয়-বিক্রয়ের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া এলাকার মৃত জিয়াউর রহমানের ছেলে মো. তামিউর রহমান সোহান (২৩), বামনপাড়া এলাকার মো. তাহাজ উদ্দিন খানের ছেলে মো. তারিকুল ইসলাম (৩৪) এবং মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের মো. বজলুর রহমানের ছেলে মো. নিশাত এলাহী (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানাধীন বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর পূর্বপাড়া গ্রামের তিন রাস্তার মোড় বটতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনজন মাদকদ্রব্য হিরোইন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অবস্থায় তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে প্রথম আসামি তামিউর রহমান সোহানের কাছ থেকে ৫ (পাঁচ) গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত হিরোইন জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের এমন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
