মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রাম থেকে অনলাইন ক্যাসিনো চক্রের মুল হোতা ও এজেন্ট হিসেবে পরিচিত ওয়াসিম হালদারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সাইবার সুরক্ষা আইনের একটি মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবির ওসি প্রদীপ কুমার সানা।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে ডিবি পুলিশের একটি দল মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের একটি দোকানে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে সাইবার সুরক্ষা আইনের মামলার পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানান, ওয়াসিম হালদার মুজিবনগর থানায় দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার আদালতে পাঠানো হবে।
ডিবির ওসি প্রদীপ কুমার সানা বলেন, আদালতে বিচারাধীন মুজিবনগর থানার সাইবার সুরক্ষা আইনের মামলায় পলাতক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। সেখানে অনলাইন জুয়া বা অন্য কোনো সাইবার অপরাধের তথ্য প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে নতুন করে সাইবার আইনে মামলা করা হবে। অন্যথায় তাকে পূর্বের মামলায় আদালতে সোপর্দ করা হবে।
এর আগে বিভিন্ন মিডিয়ার অনুসন্ধানে উঠে এসেছিল, ওয়াসিম হালদার বাংলাদেশের প্রথমদিকের 1xBet অনলাইন ক্যাসিনোর এজেন্টদের একজন হিসেবে কাজ করতেন। অনুসন্ধানে আরও জানা গেছিল, তিনি শুধু বাংলাদেশেই নয়, ভারতেও 1xBet-এর এজেন্ট নেটওয়ার্ক পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
