সিরাজগঞ্জের কামারখন্দে প্রেমিকার বিয়ের দিন এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার দুটি পোস্ট এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের পর উপজেলার জটিবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে রাকিব প্রামাণিক (২২) নামের ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে। ফেসবুকে তিনি ‘SM Rakib Khan’ নামে পরিচিত ছিলেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে। মৃত্যুর আগে দেওয়া এক ফেসবুক পোস্টে রাকিব লিখেন, ‘প্রিয় আমার গ্রামবাসী আমার বন্ধুবান্ধব, সবাই না জানলেও কিছু অংশ ফ্রেন্ডস সার্কেল তো জানো। যে আমি মাবিয়া কে ভালোবাসি মাবিয়া আমাকে প্রচন্ড ভালোবাসে। মাবিয়া কে তার ফ্যামিলি, জোর করে বিয়ে দিচ্ছে। তার ইচ্ছার বিরুদ্ধে, তাকে বিয়ে দিচ্ছে তার বাবা-মা। তাদেরকে আমি অনেক ভাবে বুঝানোর চেষ্টা করেছি। তারা কেউ বোঝেনি। তারা আমাদের ইচ্ছের বিরুদ্ধে জোর করে মাবিয়া কে বিয়ে দিচ্ছে। আমি যদি ওকে না পাই, তাহলে আমি আমার এই জীবন রাখব না। আমার মৃত্যুর কারণ তার বাবা মা, ওর দাদার নাম আব্দুল মালেক সরকার, ওর বাবার নাম আব্দুল মান্নান সরকার বাড়ি রায়দৌলতপুর।’
কয়েক ঘণ্টা পর দেওয়া আরেকটি পোস্টে তিনি বাবা-মায়ের কাছে ক্ষমা চান। সেখানে তিনি লিখেন, ‘প্রিয় বাবা মা আমাকে তোমরা ক্ষমা করে দিও। তোমাদের সব কিছু না জানিয়ে আমি ডিসিশন নিয়ে ফেলেছি। আমি আর থাকতে পারতেছি না বাবা, তোমার এই অপদার্থ ছেলেকে পারলে ক্ষমা করে দিও। সবাই আমাকে মাফ করে দিয়েন। যদি আমার কথায় আপনাদের কোন খারাপ লেগে থাকে। নির্বিধায় আমাকে ক্ষমা করে দিন। বিদায় পৃথিবী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। আল্লাহ তুমি আমাকে মাফ করো।’
