নির্বাচন কমিশনে (ইসি) দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (১৯ জুলাই) দুপুর ১২টার পর নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে হিসাবটি জমা দেয় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলের কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সহদপ্তর সম্পাদক মনির হোসেন।
দলটির দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে তাদের মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ১৮২ টাকা এবং ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। সে হিসাবে দলীয় তহবিলে উদ্বৃত্ত রয়েছে ৬ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৩২৫ টাকা।
আয়ের উৎস হিসেবে রিজভী জানিয়েছেন, সাধারণত দলীয় সদস্যপদ নবায়ন, বিভিন্ন স্তরের কমিটির চাঁদা, অনুদান এবং ব্যাংকের স্থায়ী আমানতের সুদ।
এসময় স্থানীয় নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন, সেটি নির্বাচন কমিশন ও আদালতের বিষয়। স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রার্থীর প্রতি বিএনপির সমর্থন থাকবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও বলেন, খুব শিগগির বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও দলের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। গণতান্ত্রিক স্বচ্ছতা নিশ্চিত করতে ৩১ জুলাইয়ের আগেই এ হিসাব জমা দেওয়া হয়েছে।
