বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবলে শুরুর একাদশে ফিরেই জানিয়ে দিলেন, তার জাদু এখনো অটুট। এক গোল পিছিয়ে পড়া ইন্টার মায়ামিকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জোড়া গোল ও একটি অ্যাসিস্টে ৪–২ গোলের দারুণ জয়ে ভাসালেন লিওনেল মেসি। লিগস কাপের নতুন আসর শুরু হলো আর্জেন্টাইন মহাতারকার ঝলমলে প্রত্যাবর্তনের গল্প দিয়ে।
মায়ামির এনইউ স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য স্বাগতিকদের জন্য সুখকর ছিল না। চতুর্থ মিনিটেই ডেভিড রদ্রিগেজের হেডে এগিয়ে যায় সান লুইস। তবে প্রতিপক্ষের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি মেসি। নোয়া অ্যালেনের বাঁ দিক থেকে ভেসে আসা ক্রসে দুর্দান্ত ভলিতে সমতায় ফেরান তিনি।বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ফাইনাল খেলার পর ক্লাবে ফিরেই এটি ছিল মেসির দ্বিতীয় ম্যাচ। তার অনুপস্থিতিতে এমএলএসে ইন্টার মায়ামিকে সামলেছিলেন লুইস সুয়ারেজ। তবে ২০২৫ লিগস কাপের ফাইনালের পর পাওয়া ছয় ম্যাচের নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারেননি উরুগুইয়ান তারকা।
