মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে জমিতে কাজ করার সময় ১০টি ল্যান্ডমাইন ও ৫টি ল্যান্ডমাইনের বক্স উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ| শনিবার (৮ আগস্ট) দুপুরে গাংনী থানা পুলিশ এ গুলো উদ্ধার করে ও উদ্ধার হওয়া বস্তুগুলো ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে|
স্থানীয় সূত্রে জানা যায়, বেতবাড়িয়া গ্রামের মৃত আবুল মালিথার ছেলে কাঁদো মালিথা নিজ জমিতে কৃষিকাজ করছিলেন| এ সময় মাটির নিচে ধাতব আকৃতির কয়েকটি বস্তু দেখতে পান| এসময় আরও খোঁড়াখুঁড়ি করলে একে একে মোট ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু এবং ৫টি ল্যান্ডমাইনের খালি বক্স খুজে পায়|

বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন| পরে স্থানীয়রা গাংনী থানায় খবর দিলে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে এলাকা নিরাপত্তার আওতায় নেয়|
উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে সক্রিয় ল্যান্ডমাইন কি না, নাকি পুরোনো বা নিষি&ক্রয় বিস্ফোরক,তা এখনও নিশ্চিত হওয়া যায়নি| এ কারণে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ|
গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল বিশ্বাস বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে| উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে| বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পরীক্ষা করার পরই নিশ্চিতভাবে বলা যাবে এগুলো ল্যান্ডমাইন কি না এবং সেগুলো কার্যকর অবস্থায় রয়েছে কি না|
ঘটনার পর থেকে এলাকায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি কিছুটা আতঙ্কও বিরাজ করছে| উদ্ধার হওয়া বস্তুগুলোর উৎস এবং কীভাবে সেগুলো সেখানে এলো, সে বিষয়েও তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী| তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ|
