দুবাইয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ বিষয়ে একটি ল ফার্ম নিয়োগ করা হয়েছে এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
বাংলাসংবাদ
রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইনস ড্রিল শেডে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদের জামিনের বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। তিনি বলেন, হোম সেক্রেটারি সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন এবং কয়েক দিন আগেই এ বিষয়ে একটি ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত ত্যাগ না করার শর্তে জামিন দেওয়া হয়েছে। জামিনের শর্তগুলো সম্পর্কে বিস্তারিত জানতে সার্টিফায়েড কপি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর নিয়োগকৃত ল ফার্মকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে জামিন বাতিলের জন্য আইনি পদক্ষেপ নেওয়া যায়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশের আইজিপি আলী হোসেন ফকির। এ সময় রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
