মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের ভিটাপাড়া গ্রামে চাচার হাসুয়ার কোপে নাহিদ হোসেন (২২) নামের এক ভাতিজার মৃত্যু হয়েছে। নিহত নাহিদ ঐ গ্রামের ভিটাপাড়ার জাহিদ হোসেনর ছেলে। হামলাকারি একই পাড়ার নুরুল ইসলামের ছেলে লালন হোসেন।
একটি বাইসাইকেল চুরির অভিযোগে চাচা লালনের হাসুয়ার কোপে ভাতিজা নাহিদের মৃত্যু হয়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান,গত ২৬ জুলাই (রবিবার) রাত ৯ টার দিকে লালন হোসেনের বাড়ি থেকে একটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। সাইকেলটি তার ভাইয়ের ছেলে নাহিদ চুরি করেছে এমন অভিযোগ করেন চাচা লালন। এ নিয়ে দু’জনের মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয়। পরের দিন ২৭ জুলাই বিষয়টি নিয়ে আবারাে চাচা-ভাতিজার মধ্যে কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে হাতে থাকা হাসুয়া দিয়ে চাচা লালন নাহিদকে এলােপাতাড়ি কােপে রক্তাক্ত জখম করেন। প্রতিবেশীরা আহত নাহিদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এসময় নাহিদের শারীরিক অবস্থার অবনতি দেখা দেওয়ায় সেখান থেকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দেওয়ায় উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন
