ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন ও পানি নিষ্কাশনব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে সঙ্গে নিয়ে এ পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করে রাজধানীর ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা, বিমানবন্দর সড়ক, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, বনানীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন সরকারপ্রধান। পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি বাসভবনে ফিরে যান।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশনব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে সমস্যা চিহ্নিত করে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি নগরসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতেও ঢাকার সড়ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
