জামালপুরের মাদারগঞ্জে বৃষ্টিপাতের কারণে খাল পুনঃখনন কার্যক্রম বন্ধ করতে হয়েছে। এতে ব্যয় না হওয়া ১ কোটি ২১ লাখ ৫৭ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তিনি কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে আদারভিটা ইউনিয়নের পশ্চিম পলিশা থেকে দুধিয়াগাছা পর্যন্ত ৫ কিলোমিটার ও চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া থেকে হিদাগাড়ী পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ খাল খননের উদ্যোগ নেওয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল উপস্থিত থেকে দুটি খাল পুনঃখনন কাজের শুভ সূচনা করেন।
সাড়ে ৯ কিলোমিটার খাল খননের জন্য ২ কোটি ৪৪ লাখ ৬৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। দুটি খাল খনন প্রায় শেষ হলেও বৃষ্টিপাতের কারণে প্রকল্পের অবশিষ্ট অংশের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। পরে অবশিষ্ট ১ কোটি ২১ লাখ ৫৭ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।ইউএনও সুমন চৌধুরী বলেন, ‘সরকারি অর্থ জনগণের আমানত। প্রকল্পের প্রয়োজনীয় ব্যয় নিশ্চিত করে কাজ বাস্তবায়ন করা হয়েছে। কাজ শেষে যে অর্থ অব্যয়িত ছিল সরকারি বিধি অনুযায়ী তা কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।’তিনি জানান, বৃষ্টির কারণে অসমাপ্ত খননকাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পুনরায় বরাদ্দ চেয়ে আবেদন করা হবে।
