চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে ৩৯ টি স্বর্ণের বারসহ একজন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১৩ কোটি টাকা। আজ শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। আটক রবিউল ইসলাম (৩৪) দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আহমদ আলীর ছেলে। বিজিবি জানায়, পারকৃষ্ণপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে সেখানে অভিযান চালায় বিজিবি। এসময় সীমান্ত পিলার ৭৮ এর দিকে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম যার আনুমানিক মূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন আটক রবিউল। আটককৃত আসামীকে দর্শনা থানায় সোপর্দ করা হবে। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
