“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়।
জেলা প্রশাসন ও মেহেরপুর বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া বন বিভাগের সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সাত্তার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। পরে বৃক্ষমেলার উদ্বোধন ঘোষণা করা হয়।
