মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আরিফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
বুধবার (২২ জুলাই) রাত প্রায় ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নওপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন, চারটি সিমকার্ড এবং নগদ ১ হাজার ৯৭০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়,
র্যাব জানায়, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে 1XBET, 1XPARTNERS ও MELBET-এর মাধ্যমে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রলোভনমূলক প্রচারণা ও রেফারেল লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় অংশ নিতে উদ্বুদ্ধ করতেন বলে অভিযোগ রয়েছে।
অভিযান চলাকালে তার শয়নকক্ষ থেকে জুয়ার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন, চারটি সিমকার্ড এবং নগদ ১ হাজার ৯৭০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনলাইন জুয়া পরিচালনার বিষয়টি স্বীকার করেছেন বলে র্যাব দাবি করেছে।
এ ঘটনায় গাংনী থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ১৯(১) ও ২৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
