পর্দার সামনে জাঁকজমকপূর্ণ আয়োজন, মোটা অঙ্কের বাজেট আর রুদ্ধশ্বাস সব চ্যালেঞ্জ নিয়ে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে উপস্থিত হওয়া যার কাজ, তিনি মিস্টার বিস্ট নামে পরিচিত। তবে জীবনের বিশেষ দিনটিতে গ্ল্যামার ও আলোর ঝলকানি থেকে একদমই দূরে ছিলেন বিশ্বখ্যাত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর জিমির ডোনাল্ডসন বা মিস্টার বিস্ট।
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট কিয়েটর থিয়া বয়সেনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন মিস্টার বিস্ট। মঙ্গলবার (২১ জুলাই) সোশ্যাল মিডিয়ায় বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে এ খবর জানিয়েছেন তিনি।সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদন অনুযায়ী, মিস্টার বিস্ট ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি। এটি ছিল আমার জীবনের সেরা দিন।’
এ তারকার পোস্ট করা ছবিতে দেখা গেছে, একটি মানানসই গোলাপী ও সাদা রঙের আকর্ষণীয় ব্লেজার ও কালো প্যান্ট পরেছিলেন তিনি। আর তার স্ত্রী থিয়া বয়সেন একটি চমৎকার সাদা ওয়েডিং গাউন পরেছিলেন।
এদিকে থিয়া বয়সেন বিয়ের পরপরই নিজের নাম বদলে ফেলেছেন। এরইমধ্যে তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম বদলে রেখেছেন থিয়া ডোনাল্ডসন।
প্রসঙ্গত, ২০২২ সালে এক বন্ধুর ডিনার পার্টিতে আকস্মিকভাবে পরিচয় হয় মিস্টার বিস্ট ও থিয়া বয়সেনের। তারপর তারা ডেটিং শুরু করেন। ২০২৪ সালে ক্রিসমাস ডেতে হাঁটু গেড়ে বসে থিয়া বয়সেনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মিস্টার বিস্ট।
ওই সময় তিনি ইনস্টাগ্রামে বাগদানের আংটি দেখিয়ে ছবি পোস্ট করেছিলেন। ছবিতে তার হাসির ঔজ্জ্বল্য আংটির বিশাল হীরার চমকের মতো উজ্জ্বল ছিল।
