সংস্কার বাস্তবায়ন, বিচার নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের পুনরুত্থানের বিরুদ্ধে আগামী ডিসেম্বর মাসজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ লক্ষ্যে মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে দলটি।আগামী ১ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠক শেষে দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ ঘোষণা দেন।
তিনি বলেন, একটি সফল গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছিল। পরবর্তী সময়ে দৃশ্যত একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচনের আট মাস পার হওয়ার পরও দেশে স্থিতিশীলতা ফিরে আসেনি। বরং ফ্যাসিবাদী শক্তির তৎপরতা ও আস্ফালন আরও বেড়েছে।
গাজী আতাউর রহমান বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সরকারকে আবারও সংহতি সংলাপের উদ্যোগ নিতে হচ্ছে। অথচ গণ-অভ্যুত্থানের পর প্রত্যাশা ছিল, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হবে, অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।বর্তমান পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংস্কার ও বিচারের বিষয়গুলো উপেক্ষা করার সুযোগ নেই।
ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী দল হিসেবে বর্তমান পরিস্থিতিতে নীরব থাকার সুযোগ নেই। এ কারণেই সংস্কার ও বিচারের দাবি আদায় এবং ফ্যাসিবাদের আস্ফালন মোকাবিলায় ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
তিনি জানান, আগামী ১ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
