বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, রোববার সকালে আওয়ামী লীগের চার শীর্ষ নেতা বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেছেন। তবে এ তথ্যের সত্যতা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত পরিদর্শনে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম।
প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, বেনাপোল সীমান্ত ছাড়াও ভারতের বসিরহাট-সাতক্ষীরা সীমান্তের ঘোজাডাঙা, মালদহের সোনা মসজিদ সীমান্তসংলগ্ন মাহদীপুর এবং ত্রিপুরার কয়েকটি সীমান্ত চেকপোস্ট পরিদর্শনের পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগ নেতাদের। এসব পথের পরিস্থিতি পর্যালোচনা করেই শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে দলীয় এক নেতার বরাত দিয়ে জানানো হয়েছে।
তবে শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়েই বাংলাদেশে প্রবেশ করবেন—এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।
অন্যদিকে, কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘প্রথম কলকাতা’র নিজস্ব অনুসন্ধানে চার আওয়ামী লীগ নেতার সীমান্ত পরিদর্শনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীও মন্তব্য করতে রাজি হননি।
ফলে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা ও সীমান্ত পরিদর্শনের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
