“করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে মুজিবনগর উপজেলা বিএনপি।
শুক্রবার ৩০ অক্টোবর সকাল ৮টা ৩০ মিনিটে মুজিবনগর উপজেলা বিএনপির আয়োজনে এ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এম সালাউদ্দিন, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসলাম আলী সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে ঝাড়ু দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা সৃষ্টিই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।
এ সময় বক্তারা বলেন, হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান।
এখানে প্রতিদিন অসংখ্য রোগী চিকিৎসা নিতে আসেন।
তাই রোগীদের সুস্থ পরিবেশে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল ও এর আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি।
পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কর্মসূচি নয়, এটি সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব।
তাঁরা আরও বলেন, সুস্থ সমাজ গঠনে পরিচ্ছন্ন পরিবেশের বিকল্প নেই।
এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
পরিচ্ছন্নতা কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে হাসপাতাল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
