দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ড. জাহাঙ্গীর আলম খান এবং ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে।
সোমবার (১৭ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।প্রজ্ঞাপনে বলা হয়েছে- অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৬-এর উপধারা (১) অনুযায়ী কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি আসাদুজ্জামান, ড. জাহাঙ্গীর আলম খান এবং ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৬-এর উপধারা (১) অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন।
এতে আরো বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ১০-এর বিধান অনুযায়ী কমিশনের চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামানের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমপর্যায়ে নির্ধারণ করা হয়েছে। একইভাবে কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের সমপর্যায়ে নির্ধারণ করা হয়েছে।প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, নিয়োগের তারিখ থেকে তাদের দায়িত্ব কার্যকর হবে।
