নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
রবিবার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সনদ ও স্বর্ণপদক গ্রহণ করেন তিনি।
আলাউদ্দিনের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন বাবলু। তবে এ বিষয়ে আলাউদ্দিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগ উঠেছে, আলাউদ্দিনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির অভিযোগ রয়েছে। অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক জনপ্রতিনিধি মো. আবদুর রহিম এসব অভিযোগ করেন। তিনি দাবি করেন, আলাউদ্দিনের বিরুদ্ধে বিএনপির অনেক নেতাকর্মীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ রয়েছে।তবে নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুনুর রশীদ বলেন, “আমাদের তদন্তে তার কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি সরকারি গোয়েন্দা সংস্থা তদন্ত করেছে।”
মৎস্য অধিদফতর সূত্রে জানা যায়, আলাউদ্দিন ফিসারিজ নোয়াখালী সদর উপজেলার বদরপুর ও সুবর্ণচর উপজেলার চরক্লার্ক এলাকায় কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি উন্নতমানের কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন, সরবরাহ ও মাছ চাষ সম্প্রসারণে কাজ করছে।
২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২১টি পুকুরে ১৭ দশমিক ৬ হেক্টর জলায়তনে গুণগতমানের রেণু ব্যবহার করে প্রায় ১৯৮ লাখ কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন করে। পাশাপাশি খামারটিতে ৩২ জনের সার্বক্ষণিক এবং ৬৩ জনের খণ্ডকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
উন্নত মৎস্যচাষ পদ্ধতি অনুসরণ, মানসম্মত পোনা উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের স্বীকৃতি হিসেবে সরকার আলা উদ্দিন ফিসারিজকে জাতীয় মৎস্য পদক ২০২৬-এর স্বর্ণপদক প্রদান করে। এর সাথে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকার একটি ব্যাংক চেকও দেওয়া হয়।
