ফেনীতে স্কুল ছুটির পর সড়কের পাশে অরক্ষিত ফুটপাত দিয়ে হেঁটে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ওপর উঠে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে এক শিক্ষার্থী নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ৩ জন শিক্ষার্থী বাসটির নিচে আটকে পড়ে। ধাক্কা খেয়ে আরও ৩ জন ছিটকে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা ছুটে এসে বাসটি উল্টিয়ে ভেতর থেকে একে একে স্থানীয় সিলোনীয়া হাইস্কুলের এসব শিক্ষার্থীকে আহত অবস্থায় গাড়ির নিচ থেকে বের করে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ২ জনকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
অপর ৪ জনকে অন্য একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তার সুরাইয়া (১২) নামে একজনকে মৃত ঘোষণা করেন।
ষষ্ঠ শ্রেণির পড়ুয়া নিহত সুরাইয়া একই ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. হানিফের মেয়ে।
গুরুতর আহত অপর শিক্ষার্থীদের মধ্যে উত্তর আলামপুর গ্রামের মাইন উদ্দিন শিপন মিয়ার মেয়ে ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাইসাকে (১২) অবস্থার অবনতি দেখে ফেনী জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটক ও ভাঙচুর করলেও চালক পালিয়ে গেছে। ঘটনাস্থলে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে কিছু সময় মহাসড়ক অবরোধ করে তাদের বিক্ষোভ করতে দেখা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে।
দাগনভূঞা থানার ওসি মুহাম্মাদ ফয়জুল আজীম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। হাসপাতালে এর মধ্যে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, সিলোনীয়া বাজার এলাকায় এবং দাগনভূঞামুখী মূল সড়কের দুই পাশের ফুটপাত দখল করে যত্রতত্র রাখা হয়েছে শো-মিলের গাছ, কোথাও লাইসেন্সবিহীন ট্রাক্টর, কোথাও বালি।
এসবের কারণে পথচারীরা নির্বিঘ্নে হাঁটাচলা করতে পারেন না। উল্টো দিক থেকে বেপরোয়াভাবে চলাচল করে ব্যাটারিচালিত রিকশা। প্রতিনিয়ত নানা ধরনের দুর্ঘটনা ঘটে।গত তিন বছরে সিলোনীয়া বাজারসংলগ্ন এলাকায় ফুটপাত দখল করে গাছপালা, ট্রাক্টর, বালু, কণা ইত্যাদি রাখার কারণে গাড়িচাপায় ও দখল করা ফুটপাতে গাড়ি দুর্ঘটনায় ৪ জন প্রাণ হারিয়েছেন।
