লালমনিরহাটের পাটগ্রামে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত একজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।
নিহতরা হলেন, শরিফুল ইসলাম (৩৮) তার স্ত্রী সুমাইয়া আক্তার (৩১), চার মাসের সন্তান হুজাইফা।
নিহতদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটগ্রামে একটি এনজিওতে চাকুরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৫)। ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে আজ সকালে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা দেন। তারা পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত ১০ বছর বয়সী ছেলে সোহানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
