মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ সাকিব আল হাসান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২), সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে গাংনী থানার তেরাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডারের কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিনায়ক এসআরবি-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় একটি আভিযানিক দল তেরাইল এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ৮০ পিস ইয়াবাসহ সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়। তিনি গাংনী থানার বাসিন্দা এবং তার বাবার নাম সাইফুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব দীর্ঘদিন ধরে গোপনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গাংনী থানায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এসআরবি-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
