মেহেরপুরের গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জয়গন নেছা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জয়গন নেছা গাংনীতে আশা’র সিনিয়র এলও হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী জাহিদুল ইসলাম। তাদের সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। জয়গন নেছা মটমুড়া গ্রামের বাসিন্দা হলেও গাংনী হাসপাতাল বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত অবস্থায় জয়গন নেছাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার রক্তের প্লাটিলেট কমে গেলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রোববার ভোরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
