মেহেরপুরের গাংনীতে বিষাক্ত সাপের ছোবলে রুহুল আমিন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের রাস্তায় তাকে সাপে কাটে এবং রাতেই স্বজনরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। কৃষক রুহুল আমিন গাংনী উপজেলার মটমুড়া গ্রামের আনসার আলীর ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, গাংনী উপজেলার মটমুড়া গ্রামের কৃষক রুহুল আমিন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গরম থেকে স্বস্থি পেতে বাড়ির পাশের সড়কে ঘুরতে যান। এসময় তাকে সাপে কাটে। সে দ্রুত বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের জানায়। পরিবারের লোকজন ওঝা ডাকলে ওঝার দল তাকে চিকিৎসা দিয়ে ভালো হয়ে গেছে বলে চলে যায়। রাত ২ টার দিকে সে বেশি অসুস্থ বোধ করলে রাতেই নেওয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, উপজেলার মটমুড়া গ্রামের এক কৃষক সাপের কামড়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
