মেহেরপুর শহরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৪ মে) রাত সাড়ে ৯টার দিকে শহরের পোস্ট অফিস পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের জামাল উদ্দিনের ছেলে জুয়েল রানা (২৫) এবং মেহেরপুর পৌর এলাকার পোস্ট অফিস পাড়ার জিয়াউদ্দিনের ছেলে মুকুল (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল রানা শোলমারী থেকে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিলেন। অপরদিকে মুকুল মেহেরপুর শহর থেকে শোলমারীর দিকে যাচ্ছিলেন। পথে পোস্ট অফিস পাড়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুজনই মারাত্মক আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য জুয়েল রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মুকুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
previous post
