গত আগস্টে ডারউইনের বুকে সেই ঐতিহাসিক টেস্ট জয়, দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয়ের পর লাল-সবুজদের বন্দনা হয়েছে ক্রিকেট বিশ্বে। কিন্তু এরপর? মুদ্রোর ঠিক উলটো পিঠটাই দেখেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে স্মরণীয় সেই জয়ের পর থেকে আর কোনো জয়ের মুখই দেখেনি বাংলাদেশ পুরুষ জাতীয় দল।
ডারউইন টেস্টের পর থেকে এখন পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে ১০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে পরাজয় বরণ করতে হয়েছে ৭টি ম্যাচে, ড্র হয়েছে ২টি, আর বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ১টি ম্যাচ। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি কোনো ফরম্যাটেই জয়ের দেখা নেয় টাইগারদের। টেস্ট ফরম্যাট দিয়েই শুরু করা যাক। অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানের বড় ব্যবধানে হার, আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ড্র, এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ৮ উইকেটে হার ও দ্বিতীয় টেস্টে ড্র। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টেই ভরাডুবি।
নিজেদের শক্তিমত্তার জায়গা বা সবচেয়ে পছন্দের ফরম্যাট ওয়ানডেতেও একই অবস্থা। আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে প্রথমে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে, পরে আফগানিস্তানের কাছে ৭ উইকেটের হার। ওয়ানডে র্যাঙ্কিংয়েও দলটার অবস্থান নেমে গেছে দশে।
টি-টোয়েন্টি ফরম্যাটেও শনির দশা। এশিয়ান গেমসের টি-টোয়েন্টি আসরে সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে এবং ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হারে টাইগাররা।
সব মিলিয়ে হারের বৃত্ত থেকেই বেরোতে পারছে না টাইগাররা। গতকাল সেঞ্চুরিয়ন টেস্টে আড়াই দিনেরও কম সময়ের মাঝে ইনিংস ও ২১৯ রানে হেরেছে বাংলাদেশ। এতেই যেন ফুটে উঠছে দলটির ভঙ্গুর মানসিকতার।
