তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিপ্রতি ২৯ টাকা ৭০ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন দরে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিইআরসি এ নতুন মূল্য ঘোষণা করে। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।রাজধানীর রমনায় অবস্থিত ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় বিইআরসির শুনানি কক্ষে একটি সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে নতুন মূল্যহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। একই সঙ্গে জুলাই মাসের জন্য নির্ধারিত এলপিজির নতুন মূল্যহার কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত জুলাই ২০২৬ মাসের সৌদি কনট্রাক্ট প্রাইস (সৌদি সিপি) বিবেচনায় নিয়ে দেশের ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে এলপিজির দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে সৌদি সিপির ভিত্তিতে দেশে ভোক্তাপর্যায়ে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। ফলে নতুন ঘোষণা অনুযায়ী জুলাই মাসে ১২ কেজির সিলিন্ডারসহ বিভিন্ন আকারের এলপিজির দাম কমবে নাকি বাড়বে, তা জানা যাবে।
