মেহেরপুরে ভারত থেকে সরকার নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ওষুধসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি) এর সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প। এ সময় ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫৫ মিনিটে মেহেরপুর সদর উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কোর্টপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বুড়িপোতা গোরস্থানপাড়ার মন্টু ইসলামের ছেলে মো. কাবিদুল ওরফে আকাশ (২৪) এবং আমঝুপি ইউনিয়নের খোকসা শেখপাড়ার মৃত সরমান আলীর ছেলে ফুলসুরাত ওরফে সুরাত (৪৮)।
এসআরবি-১২ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ভারত থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা Luliconazole Cream ৩৮০টি, Pyrazinamide Tablets ৬৫ পাতা, Polymyxin B Injection ৮টি, Sterile Water for Injection ১১টি, Triclofos Oral Solution ১৫টি এবং Sulbactam & Cefoperazone Injection ৪০টি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে ভারত থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ওষুধ ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে জানা গেছে বলে দাবি করেছে এসআরবি।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় The Special Power Act, 1974-এর 25-B(1)(b)/25-D ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা ওষুধ ও পরিবহনে ব্যবহৃত যানবাহনগুলো আইনগত প্রক্রিয়ার জন্য জব্দ করা হয়েছে।
