মেহেরপুরের মুজিবনগরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোনাখালী ইউনিয়নের রশিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, রশিকপুর গ্রামের এরশাদের বাড়ির সামনে পাকা রাস্তায় দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এক পক্ষের নেতৃত্বে ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণের অনুসারীরা। অন্য পক্ষটি মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের অনুসারী হিসেবে পরিচিত।
সংঘর্ষে আহতরা হলেন—মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ, মাহাতাব উদ্দিন ওরফে পচা এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসলাম হোসেন।
স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আহত মাহাতাব ও আসলামকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আসলামকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাহাতাব মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এরশাদ মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
