বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন—এমন আলোচনা যখন রাজনৈতিক অঙ্গনে তুঙ্গে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে খাইরুল দেওয়ান নামটি। ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে রাষ্ট্রপতি নিয়ে প্রকাশিত সংবাদ বা ফটোকার্ডের মন্তব্যের ঘরে অসংখ্য নেটিজেন তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার মন্তব্য করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, এটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা একটি ভাইরাল ট্রেন্ড। ২০২৩ সালে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে খাইরুল দেওয়ান নিজেকে প্রার্থী হিসেবে উপস্থাপন করার পর থেকেই তাকে নিয়ে বিভিন্ন ধরনের মিম, ট্রল ও হাস্যরসাত্মক কনটেন্ট ছড়িয়ে পড়ে। এরপর থেকে রাষ্ট্রপতি নির্বাচন বা এ পদ নিয়ে আলোচনা শুরু হলেই অনেক ব্যবহারকারী মজা বা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তার নাম উল্লেখ করেন।
সম্প্রতি রাষ্ট্রপতি পরিবর্তনের আলোচনা নতুন করে শুরু হলে বিভিন্ন সংবাদমাধ্যমের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে আবারও ‘খাইরুল দেওয়ানকে রাষ্ট্রপতি চাই’ ধরনের মন্তব্যের বন্যা দেখা যায়। অনেকেই তাকে ‘প্রিয় নেতা’ বলেও সম্বোধন করছেন। তবে এসব মন্তব্যের বড় অংশই সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রল ও ভাইরাল সংস্কৃতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এখন পর্যন্ত খাইরুল দেওয়ানকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে বা তিনি আনুষ্ঠানিকভাবে এ পদের প্রার্থী—এমন কোনো সরকারি ঘোষণা বা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তার নাম মূলত নেটিজেনদের ভাইরাল আলোচনার কারণেই আবারও সামনে এসেছে।
