মেহেরপুরে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কাজের পরিধির মধ্যে ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ ডেন্টাল পরিষদ মেহেরপুর জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
আজ ৭ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়, সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত হয়ে স্মারকলিপি জমা দেন। এ সময় তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই তাদের ন্যায্য অধিকার, নির্ধারিত কর্মপরিধি বাস্তবায়ন এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করতে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ডেন্টাল পরিষদের এক প্রতিনিধি বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে, ডেন্টাল ডিপ্লোমাধারীদের সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কাছে দাবি জানাই। সেই দাবি নিয়েই আজ আমরা মেহেরপুর জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছি। আমরা চাই এই স্মারকলিপির মধ্য দিয়ে আমাদের যৌক্তিক দাবি পূরণ এবং বাস্তবায়ন করা হোক।
এ সময় স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ডেন্টাল পরিষদ মেহেরপুর জেলা শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
