ময়মনসিংহ নগরের একটি ভাড়াবাসায় যুবক রাজিব আহম্মেদ রুবেল (৪০) হত্যার ঘটনায় রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, বাড়িওয়ালাকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার চার ছেলে মিলে রুবেলকে হত্যা করেন। এ ঘটনায় চার ভাই—রহমত (৩০), জনি (২৮), রকি (২৬) ও ইমরাজ (১৮)-কে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, প্রায় এক মাস আগে রুবেল ওই বাসার একটি কক্ষ ভাড়া নেন। তবে তার চলাফেরা ও কর্মকাণ্ড নিয়ে বাড়ির মালিকের আপত্তি ছিল। অভিযোগ রয়েছে, তিনি সেখানে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আড্ডা দিতেন এবং মাদক সেবন করতেন। এ কারণে তাকে পরবর্তী মাস থেকে বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু রুবেল সেখানে থেকে যেতে চান।
পিবিআই জানায়, ঘটনার দিন সকালে রুবেল বাড়িওয়ালার কক্ষের দরজায় লাথি মেরে তাদের ঘুম থেকে তোলেন। পরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তিনি বাড়ির মালিককে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত হন। এর পর মায়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিশোধ নিতে চার ভাই পরিকল্পনা করে একটি চায়নিজ কুড়াল দিয়ে রুবেলের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বাড়ির মালিক, তার তিন ছেলেসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পিবিআইর দাবি, গ্রেপ্তার চার ভাই জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন এবং মায়ের সঙ্গে দুর্ব্যবহারের কারণেই এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন।
