২০২৬ বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিন চলছে। এর আগে শেষ হয়েছে গ্রুপ পর্ব ও রাউন্ড অব থার্টিটু। এরইমাঝে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে জার্মানি, ব্রাজিল ও পর্তুগালের মতো বাঘা বাঘা দল।তবে, জয়রথ চলছেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। দারুণ ফর্মে রয়েছেন দলটির মহাতারকা এবং বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি। চার ম্যাচে সাত গোল করে এই বিশ্বকাপের গোল্ডেন বুট তালিকায় রয়েছেন দ্বিতীয়স্থানে।
মঙ্গলবার (৭ জুলাই) রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় মিশরের মুখোমুখি হবে তিন বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচে জয় নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চাইবে আলবিসেলেস্তেরা।
রাউন্ড অব থার্টিটুতে কেপ ভার্দের সঙ্গে অতিরিক্ত সময়ে কষ্টার্জিত জয় পেয়েছে আর্জেন্টিনা। যেটি টানা দ্বিতীয় শিরোপার দৌড়ে প্রথম ধাক্কা। আর তাতেই বিশ্বচ্যাম্পিয়নদের পরিকল্পনায় তিনটি পরিবর্তন আনছেন স্কালোনি। আজকের ম্যাচে মিশরের গতি ও শারীরিক শক্তির প্রদর্শনীর কথা মাথায় রেখে লেফটব্যাকে মেদিনার জায়গায় খেলাবেন তাগলিয়াফিকোকে। আর সেন্টারব্যাক রোমেরোর সঙ্গে লিসান্দ্রো মার্টিনেজ এবং রাইট ব্যাকে মলিনাকে খেলানোর কথা চিন্তা করছেন তিনি।
৪-৪-২ ফরমেশনে মিডফিল্ডে এনজো, ডি পল, ম্যাক অ্যালিস্টারের সঙ্গে দেখা যাবে পারেদেসকে। তিনি জায়গা নেবেন থিয়াগো আলমাদার। আর আক্রমণভাগে প্রথমবারের মতো মেসির সঙ্গে শুরুর একাদশে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। তার জায়গায় প্রতি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন অনেকটা নিষ্প্রভ লাউতারো। অন্যদিকে, এবারের বিশ্বকাপে ইতোমধ্যেই ইতিহাস গড়েছে মিশর। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়েছে ফারাওরা। আবার রাউন্ড অব থার্টি টু-এর ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে তুলে নিয়েছে তাদের প্রথম নকআউট জয়। এখন তাদের সামনে নেই হারানোর কিছু।
তবে, আছে ইতিহাসে নতুন করে নাম লেখানোর সুযোগ। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারাতে পারলে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ হবে ফারাওদের। আবার, মিশরের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ডের সুযোগ রয়েছে দেশটির তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ এর সামনে। ফারাওদের হয়ে এ পর্যন্ত ৬৮ গোল করেছেন তিনি। ৬৯ গোল নিয়ে শীর্ষে আছেন দলটির বর্তমান কোচ হোসাম হাসান।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ হোসাম হাসান বলেন, আমরা জানি, বিশ্বচ্যাম্পিয়ন এবং ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির বিপক্ষে খেলতে যাচ্ছি। কিন্তু আমরা তাদের ভয় পাই না।
