মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ রনি মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাংনী উপজেলার আমতৈল ঈদগাহপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রনি মিয়া গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের চাঁদপুর মসজিদপাড়া গ্রামের আব্বাস মিয়ার ছেলে।
এসআরবি-১২-এর সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হান্নান হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি দীর্ঘদিন ধরে গোপনে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা জানা গেছে। তিনি নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনায় গ্রেপ্তার রনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে।
