বিএনপি সরকার গঠনের পর আবারও টিকিট সিন্ডিকেট সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৩১ আগস্ট) সকালে পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সৌদি আরবের বিমান টিকিটের দাম তুলনামূলকভাবে কম ছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর আবারও সেই সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে টিকিটের দামের ওপরও।
তিনি আরও বলেন, নির্বাচনের পর বিভিন্ন খাতে মূল্যবৃদ্ধি ও চাঁদাবাজির প্রবণতা বেড়েছে। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সংকটও রয়েছে। সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রুত এসব সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
মক্কা প্যাক্ট প্রসঙ্গে এনসিপির অবস্থান জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, দলটি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। তবে এ বিষয়ে দলের সংশ্লিষ্ট উপকমিটি বিশেষভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে।উল্লেখ্য, পবিত্র ওমরা পালন শেষে সোমবার দেশে ফেরেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
