যুবসমাজের নৈতিক অবক্ষয় ঠেকানো, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং তরুণদের সৃজনশীলতা বিকাশের উদ্দেশ্যে শুধু প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা-নাটক নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে নোটিশের পক্ষভুক্ত করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, দেশের বর্তমান চলচ্চিত্র ও নাটকে প্রেম এবং অতিরিক্ত রোমান্টিক বিষয়বস্তুর আধিক্য তৈরি হয়েছে। এসব কনটেন্টের প্রভাবে তরুণ ও শিক্ষার্থীদের পড়াশোনা ও ক্যারিয়ারের প্রতি মনোযোগ কমছে বলে নোটিশে দাবি করা হয়েছে। পাশাপাশি পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে অনেক ক্ষেত্রে স্বাভাবিক বা ইতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগও তোলা হয়েছে।
আইনি নোটিশে আরও দাবি করা হয়েছে, মূলধারার গণমাধ্যমে এ ধরনের সম্পর্কের অতিরিক্ত উপস্থাপন সমাজের নৈতিক কাঠামো ও পারিবারিক মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এমনকি পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধির সঙ্গেও এসব কনটেন্টের সম্পর্ক রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।নোটিশে সংবিধানের ২১(১), ২৩ ও ৩৯ অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়েছে, নাগরিকের সামাজিক শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়েছে। একই সঙ্গে জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ রাষ্ট্রের দায়িত্ব। তবে বাক ও মতপ্রকাশের স্বাধীনতাও সংবিধান স্বীকৃত, যা শালীনতা ও নৈতিকতার স্বার্থে আইনের মাধ্যমে যুক্তিসঙ্গত সীমাবদ্ধতার আওতায় আনা যেতে পারে বলে নোটিশে যুক্তি দেওয়া হয়েছে।
এ কারণে কেবল প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচারে কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানানো হয়েছে। পাশাপাশি বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষার মতো বিষয়ভিত্তিক চলচ্চিত্র ও নাটক নির্মাণে উৎসাহ দেওয়ার পাশাপাশি দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
