কোনো ধরনের হয়রানি ছাড়াই নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে ধান, গম ও আলুর মানসম্মত বীজ সরবরাহ করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। বুধবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ও বুধবার রাজধানীর মতিঝিলে বিএডিসির সদরদপ্তরে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সেমিনারে আসন্ন রবি মৌসুমে বোরো ধান, গম ও আলুর বীজ বিতরণের কৌশল এবং কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে বিএডিসির বিভিন্ন অঞ্চলের বীজ বিতরণ বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা এবং সদরদপ্তরের বিভিন্ন বিভাগ ও উইংয়ের প্রধানরা অংশ নেন।
অনুষ্ঠানে বিএডিসি চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম বলেন, কৃষকের কাছে নির্ধারিত মূল্যে এবং কোনো ধরনের ভোগান্তি ছাড়াই বীজ পৌঁছে দিতে হবে। দেশের কৃষি ও কৃষকের উন্নয়ন নিশ্চিত না হলে সামগ্রিক উন্নয়নও টেকসই হবে না। তাই কৃষিকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে কৃষকের প্রয়োজন অনুযায়ী সময়মতো মানসম্মত বীজ সরবরাহের ওপর গুরুত্ব দিতে হবে।
বক্তারা বলেন, আধুনিক ও স্মার্ট কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে কৃষকের দোরগোড়ায় উন্নতমানের বীজ পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মৌসুম শুরু হওয়ার আগেই সংশ্লিষ্ট অঞ্চলের উপযোগী ফসলের বীজ কৃষকের হাতে পৌঁছানো নিশ্চিত করতে হবে।
সেমিনারে আরও বলা হয়, বীজ উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ ও সরবরাহ পর্যন্ত প্রতিটি ধাপে নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে কৃষকের চাহিদা ও স্থানীয় পরিবেশ বিবেচনায় নিয়ে উপযোগী জাতের বীজ সরবরাহের ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠানে আসন্ন মৌসুমের বীজ বিতরণ কৌশল ও কর্মপরিকল্পনা তুলে ধরেন বিএডিসির বীজ বিতরণ বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক কৃষিবিদ মো. সেলিম হায়দার।
