মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগে মোনতাজ আলী নামে এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির এ রায় দেন। সাজাপ্রাপ্ত মোনতাজ আলী মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের পাঞ্জাব আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর দুপুরের দিকে গাংনী উপজেলার সহড়াতলা বিওপির সুবেদার মোহাম্মদ ইসরাইল শেখের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তের ১৪৫/৩-এস পিলারের ১০০ গজ দক্ষিণে বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে মোনতাজ আলীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ওই ঘটনার পরদিন ১ জানুয়ারি গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৪(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১, জিআর কেস নং-১/২৪ এবং সেশন কেস নং-২৮৫/২৪।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট ছয়জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামি মোনতাজ আলী দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মীর আলমগীর ইকবাল কৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।
