মেহেরপুরের গাংনীতে আবারো মাঠ থেকে কৃষকের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময় গাংনী উপজেলার মটমুড়া গ্রামের মাঠে থাকা একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকালে মাঠে গিয়ে ট্রান্সফরমার চুরির বিষয়টি জানতে পারেন ভুক্তভোগী কৃষক।
ভুক্তভোগী কৃষক গঞ্জের আলী জানান, ট্রান্সফরমারটি চুরি হওয়ায় তার সেচ স্কিমের আওতায় থাকা কৃষকরা চরম ক্ষতির মুখে পড়বেন। বর্তমানে আমন ধানের বীজতলা তৈরির কাজ চলছে। এ সময় প্রায় প্রতিদিনই বীজতলায় পানির প্রয়োজন হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এত টাকা দিয়ে ট্রান্সফরমার কিনে যে আবার লাগাব, কালকে সেটি আবার চুরি হবে না এর গ্যারান্টি কে দেবে? মোটা রড ঝালাই করে ট্রান্সফরমারটি রক্ষা করার চেষ্টা করেছিলাম, কিন্তু চোরের দল সেই রড কেটেই সেটি চুরি করে নিয়ে গেল। এভাবে চুরি হতে থাকলে মাঠে ফসল চাষ করা সম্ভব হবে না।”
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিস মোরশেদ জানান, উপজেলার মটমুড়া গ্রামের কৃষক গঞ্জের আলীর একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বুধবার রাতে চুরি হয়েছে। একই রাতে পাশের আরেকটি মাঠে কৃষক মহিবুল ইসলামের ট্রান্সফরমারটি চুরি করার চেষ্টা করেছিল চোর চক্র। তবে সে সময় সেচ পাম্পের মালিক চলে আসায় ট্রান্সফরমারটি ফেলে পালিয়ে যায় চোরেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই চোর চক্রের সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত শুরু করেছে।
