২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল মরক্কো। হ্যামস্ট্রিং চোটের কারণে ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না দলের অন্যতম সেরা তারকা ইসমাইল সাইবারি।
বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় কোয়ার্টার ফাইনালের ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে অ্যাটলাস লায়ন্সরা। এর আগে বুধবার (৮ জুলাই) সংবাদ সম্মেলনে দলটির কোচ মোহাম্মদ উয়াহাবি জানান, কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পাওয়া চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি সাইবারি।
উয়াহাবি বলেন, সাইবারি ছাড়া দলের সবাই শতভাগ ফিট। এই ম্যাচটি তার জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছে। তবে আশা করি, টুর্নামেন্টের বাকি অংশ থেকে তাকে ছিটকে পড়তে হবে না।
সম্প্রতি ৫ কোটি ইউরো ট্রান্সফার ফিতে পিএসভি আইন্দহোভেন ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া সাইবারি, এবারের বিশ্বকাপে মরক্কোর অন্যতম সেরা পারফর্মার। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন তিনি। এছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক স্পট-কিকও নেন এই মিডফিল্ডার।
তবে, কানাডার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। মরক্কো সেমিফাইনালে উঠতে পারলে সেখানে তার ফেরার সম্ভাবনা রয়েছে।
