আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জানান, এবার দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেসব দিন পরীক্ষা থাকবে না, সেসব দিন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে।
তিনি জানান, ৯টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ এবার ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ২৬ হাজার ৬৪৫ জন বেশি।
আবদুল খালেক বলেন, নকলের জন্য পরিচিত ভেন্যু কেন্দ্রগুলো বাতিল করা হয়েছে। তবে হাওর, পার্বত্য এলাকা এবং দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার বিষয়টি বিবেচনায় রেখে কয়েকটি কেন্দ্র বহাল রাখা হয়েছে। এছাড়া সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের পরীক্ষার্থীদের শনিবারের পরীক্ষা বিশেষ ব্যবস্থায় সূর্যাস্তের পর অনুষ্ঠিত হবে।তিনি আরও জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, যা গত বছরের তুলনায় ১৪ হাজার ৩১৬ জন বেশি। এর মধ্যে ছাত্র ৪ লাখ ৯২ হাজার ৪০৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৭৭ হাজার ৩০৮ জন। একই সঙ্গে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৭৭টি এবং পরীক্ষাকেন্দ্র বেড়েছে ২১টি।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থীর সংখ্যা ৯২ হাজার ৯০৫ জন, যা গত বছরের তুলনায় ৬ হাজার ৮০৩ জন বেশি। এ বোর্ডে পরীক্ষাকেন্দ্র বেড়েছে ২টি এবং শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ২৩টি।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেলের মাধ্যমে দেশের যেকোনো পরীক্ষাকেন্দ্রের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা যাবে।তিনি আরও বলেন, পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা যায় এবং পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন। এ বোর্ডে গত বছরের তুলনায় পরীক্ষার্থী ১ হাজার ৬৪৭ জন কমেছে। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ১২৩টি কমে ৬১০টিতে নেমে এসেছে।
