মেসির জাদু চলছেই। জর্ডানের বিপক্ষে আজ (২৮ জুন) ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই নিজের জাত চেনালেন আর্জেন্টাইন তারকা। ফ্রি-কিকে দুর্দান্ত এক গোল করে নতুন ইতিহাস গড়লেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাত ম্যাচে গোল করার অবিস্বরণীয় কীর্তি গড়লেন এলএম টেন।
এর আগে ১৯৭০ সালে ব্রাজিলের কিংবদন্তি জাইরজিনিও বিশ্বকাপের সবগুলো ম্যাচে গোল করেছিলেন। গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত টানা ছয়টি ম্যাচে গোল করার সেই অবিশ্বাস্য কীর্তি তাকে ফুটবল ইতিহাসে অমর করে রেখেছে। সেই ব্রাজিল দলটি সেবার তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছিলো।
মেসির এই যাত্রা শুরু হয়েছিলো ২০২২ সালের কাতার বিশ্বকাপে। সেই আসরের শেষ চার ম্যাচে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন তিনি।
এরপর ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে জাইরজিনিও ও ফ্রান্সের জাস্ট ফঁতেইঁয়ের সঙ্গে টানা ছয় ম্যাচে গোলের রেকর্ডে নাম লেখান। আর জর্ডানের বিপক্ষে গোল করে সেই রেকর্ড একা নিজের করে নিলেন মেসি।উল্লেখ্য, ফঁতেইঁ একই আসরে টানা ছয় ম্যাচে ১৩ গোল করেছিলেন। জাইরজিনিও ও মেসি ভিন্ন ভিন্ন আসরে এই কীর্তি গড়েছেন। তবে সাত ম্যাচের মাইলফলক এখন শুধুই মেসির।
