মেহেরপুর শহরে গরুর গুঁতায় আলমগীর হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে শহরের নতুনপাড়া ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন নতুনপাড়া ৪ নং ওয়ার্ডের বাসিন্দা এবং বাদল শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে গরু গোয়ালে নিয়ে যাওয়ার সময় হঠাৎ গরুটি আলমগীর হোসেনকে শিং দিয়ে গুঁতা মারে। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই থাকা একটি সজনে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
আকস্মিক এ মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
