বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মাত্র সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশটি এবার প্রথম অংশগ্রহণেই জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে। এবার তাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আগামী ৪ জুলাই মায়ামির রক গার্ডেন স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগে নিজের দলের ওপর পূর্ণ আস্থা রেখে সাহসী ভবিষ্যদ্বাণী করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। তার বিশ্বাস, লিওনেল মেসিদের ১-০ গোলে হারাবে তার দেশ। আত্মবিশ্বাসের সঙ্গে নেভেস বলেন, ‘আমরা ১-০ গোলে জিতব।’
কঠিন এক গ্রুপে উরুগুয়ে, স্পেন ও সৌদি আরবকে পেছনে ফেলে নকআউটে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। তাই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও চমক দেখানোর স্বপ্ন দেখছে আফ্রিকার দলটি।
তবে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি মেসির প্রতি গভীর শ্রদ্ধাও প্রকাশ করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, ম্যাচের আগে দেশের জাতীয় দলের একটি বিশেষ জার্সি উপহার দেওয়া হবে আর্জেন্টাইন অধিনায়ককে। সেই জার্সিতে থাকবে মেসির নাম এবং তার বিখ্যাত ১০ নম্বর।
নেভেস বলেন, ‘লিওনেল মেসি ও আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য বড় সম্মানের। কেপ ভার্দের মানুষ তাকে বিশ্বের সেরা ফুটবলার মনে করে। তিনি ফুটবলে শ্রেষ্ঠত্বের প্রতীক।’
তিনি বলেন, ‘মেসির বিপক্ষে মাঠে নামা আমাদের জাতীয় দলের জন্য গর্বের বিষয়। কিন্তু সম্মান দেখানোর অর্থ এই নয় যে আমরা জয়ের স্বপ্ন দেখছি না। আমরা বিশ্বাস করি, ইতিহাস গড়তে পারব।’
বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণেই শেষ ষোলোয় ওঠা কেপ ভার্দে এখন আর্জেন্টিনাকে হারিয়ে আরও বড় চমক দেখানোর অপেক্ষায়। অন্যদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নকআউট মিশন শুরু করবে এই ম্যাচ দিয়েই।
