হামে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এদের সাতজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, বাকি চারজনের নিশ্চিত হামে। এ নিয়ে হামের উপসর্গ ও হামে ৪০৯ জনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর।
হামের সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে সরকার দেশজুড়ে টিকার ক্যাম্পেইন শুরু করেছে। তবে সব শিশু টিকার আওতায় আসছে না। ইউনিসেফের দেওয়া তথ্য পেয়ে ঢাকা ও ঢাকার বাইরে যাচাই করে এমন চিত্র পাওয়া গেছে। টিকাদান পরিস্থিতি দ্রুত যাচাই পদ্ধতি (আরসিএম) থেকে ইউনিসেফ বলছে, এখনো শহর এলাকায় ৩০ থেকে ৪০ শতাংশ এবং গ্রাম এলাকায় ১৫ শতাংশ শিশু টিকা পায়নি।
রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি বাড়িতে ছোট ছোট ঘরে ১৪টি পরিবার বাস করে। নিম্নবিত্ত পরিবারগুলো এখানে ভাড়া থাকে। পরিবারগুলোতে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী পাঁচটি শিশু আছে। গতকাল রোববার সকালে একজন মা প্রথম আলোকে বলেন, সব বাচ্চা টিকা পেয়েছে। এলাকার খান হাসান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসব শিশু টিকা নিয়েছে।
প্রতিটি জেলা ও উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষক ও নাগরিক সমাজের সহায়তা নিয়ে স্বাস্থ্যকর্মীরা যেন বাদ পড়া শিশুদের টিকা দেওয়ার ব্যবস্থা করে।
অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর
কাঁঠালবাগান ঢাল থেকে হাঁটাপথে কারওয়ান বাজার আসতে সময় লাগে ১০ থেকে ১২ মিনিট। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের সিঁড়ির নিচে কথা হয় লামিয়ার সঙ্গে। ময়মনসিংহের একটি গ্রাম থেকে এসে লামিয়া সংসার পেতেছেন রাজধানীর ফুটপাতে, মেট্রোরেল স্টেশনের সিঁড়ির নিচে।
লামিয়ার দুটি সন্তান। একটির বয়স সাত মাস। বড়টির আড়াই বছর। লামিয়া জানালেন, কোনো সন্তানই টিকা পায়নি। হামের টিকা দেওয়া হচ্ছে, এ কথা লামিয়া জানেন না। কোথায় গিয়ে টিকা নিতে হবে, সেই তথ্য তাঁর কাছে নেই।জনস্বাস্থ্যবিদ ও স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ কেন্দ্রের (সিডিসি) সাবেক পরিচালক অধ্যাপক বে-নজীর আহমেদ প্রথম আলোকে বলেন, টিকার ব্যাপারে প্রচার-প্রচারণার ঘাটতি আছে। মানুষের মধ্যে দ্বিধা আছে। আগে ৯ মাস বয়সীদের টিকা দেওয়া হতো, এখন বয়স কমিয়ে ৬ মাস করা হয়েছে। এতে শিশুর ক্ষতি হবে কি না, তা মায়েদের মধ্যে দ্বিধা তৈরি করতে পারে। এর জন্য দরকার ছিল স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মায়েদের মুখোমুখি যোগাযোগ। সেটি হয়নি।
৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় টিকা দেওয়া শুরু হয়। ১২ এপ্রিল ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় টিকা দেওয়া শুরু হয়। ২০ এপ্রিল থেকে সারা দেশের শহরে ও নগরে টিকা দেওয়া শুরু হয়। চলবে ২০ মে পর্যন্ত।
সুত্রঃ প্রথম আলো
