মেহেরপুরের মুজিবনগর উপজেলা এলাকায় গভীর রাতে অবাধে মাটি কাটার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, রাত বাড়ার সঙ্গে সঙ্গে যেন শুরু হয় “মাটি কাটার উৎসব”।
এতে পরিবেশ ও স্থানীয় সড়কের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সোনাপুর গ্রাম এলাকার বিশ্বির পুকুর থেকে রাত প্রায় ১২টার দিকে একাধিক ট্রাক ও ট্রলিতে করে মাটি কাটা ও পরিবহন করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গভীর রাত পর্যন্ত চলতে থাকে এই কার্যক্রম।
এদিকে, কেদারগঞ্জ বাজার এলাকায় পুলিশি উপস্থিতি থাকা সত্ত্বেও মাটি বোঝাই যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র দাবি করেছে, নাজিরাকোনা গ্রামের হানিফের ছেলে রকিবুল এই মাটি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।
এছাড়াও এ কাজে উপজেলার কিছু রাজনৈতিক নেতাকর্মীর মদদ রয়েছে বলেও অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগ রয়েছে, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদাকে অবগত করা হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে।
স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে অবৈধ মাটি কাটা বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
