নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় মাদক ব্যবসায়ীদের হামলায় র্যাপিডের অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) তিন সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে মাসদাইর (বোয়ালিয়াখালী) এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
র্যাব জানায়, নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে একটি গোয়েন্দা দল মাসদাইর এলাকায় মাদক স্পট ও ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছিল। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে অতর্কিতভাবে তাদের ওপর আক্রমণ চালায়। হামলায় ৩ জন র্যাব সদস্য জখম ও আঘাতপ্রাপ্ত হন।আহত সদস্যদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক অভিযান শুরু করেছে র্যাব। হামলার মূল হোতাসহ জড়িত প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে এই অভিযান অব্যাহত রয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে কোনো অপরাধী পার পাবে না। মাদকমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে র্যাবের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।
