মেহেরপুরে ভেজাল ও নকল খাদ্যদ্রব্যের ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য বিশুদ্ধ খাদ্য আদালত কার্যক্রম শুরু হয়েছে। বিশুদ্ধ খাদ্য আদালত, মেহেরপুর এর ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ্’র নির্দেশে শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের মাধ্যমে ৪০ কেজি নকল চেরি ফল জব্দ করা হয়। অভিযানে অংশ গ্রহণকারী মোঃ মনিরুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর, মেহেরপুর পৌরসভা এবং মোঃ তারিকুল ইসলাম, স্যানিটারী ইনস্পেক্টর, মেহেরপুর সদর, মেহেরপুর জানান অভিযান পরিচালনাকালে ব্যবসায়ীগণ স্বীকার করেন যে, করমচার সাথে বিষাক্ত রাসায়নিক এবং কাপড়ের রং দিয়ে নকল চেরি ফল প্রস্তুত করা হয়। মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।
উল্লেখ্য নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রত্যেক জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম কোর্টের ম্যাজিস্ট্রেট সমগ্র জেলার বিশুদ্ধ খাদ্য আদালত হিসেবে দায়িত্ব পালন করেন। কোর্টের পাশাপশি খাদ্য আদালত অভিযান পরিচালনা করতে পারেন। এই আইনের অধীনে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহর উদ্যেগে মেহেরপুরে প্রথম বারের মতো এই কার্যক্রম শুরু হলো। আগামীতে নিয়মিত নিরাপদ খাদ্য আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ বিদ্যমান অন্যান্য ফৌজদারী ও বিশেষ আইনের অধীনে ভেজালকারীদের শাস্তির আওতায় আনতে এই কার্যক্রম অব্যাহত থাকবে মর্মে আদালত সূত্রে জানা যায়।আদালতের এই কার্যক্রমকে স্থানীয় সকলে সাধুবাদ জানিয়েছেন।
