ডেস্ক রিপোর্ট:
ফরিদপুরের মধুখালীতে ছোট ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে আপন বড় ভাই এমন অভিযোগ পাওয়া গেছে। রবিবার (০১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের দাড়িরপার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম সাদ্দাম শেখ (২৫)। সাদ্দাম শেখ জাহাপুর ইউনিয়নের দাড়িরপার গ্রামের মৃত আলতাফ শেখের ৫ম সন্তান। ৬ মাস পূর্বে বিয়ে করেন সাদ্দাম।
জানা যায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে আলতাফ শেখের চতুর্থ সন্তান আনিছ শেখ (৩৫) হঠাৎ করেই তার আপন ছোট ভাই সাদ্দাম শেখ (২৫) কে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে। তবে পরিবারের সদস্যদের দাবি আনিছ শেখ মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন যাবৎ তার চিকিৎসা চলছে।নিহত সাদ্দাম শেখের বড় ভাই আওয়াল শেখ জানান, আনিছ দীর্ঘদিন যাবৎ মানসিক রোগী। মাঝে মধ্যেই সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। বিশেষ করে শীতের সময় বেশি সমস্যা হয়। হঠাৎ করেই রোববার রাতে পাগলামি শুরু করে, এসময় ছোট ভাই সাদ্দাম তাকে থামাতে গেলে আনিছ বাঁশ দিয়ে পিটিয়ে সাদ্দামকে হত্যা করে। সাদ্দামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।নিহত সাদ্দাম শেখের স্ত্রী মদিনা বেগম বলেন, আমাদের বিয়ে হয়েছে মাত্র ৬ মাস। এর মধ্যেই স্বামীকে হারাতে হলো। আমি বাবার বাড়িতে ছিলাম। খবর পেয়ে এসে দেখি আমার স্বামী আর নেই। ওকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে আমার ভাসুর আনিছ।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, রাতেই আনিছকে আটক করা হয়েছে। তবে সে মানসিক ভারসাম্যহীন। সাদ্দামের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
তথ্য ও সূত্র ইত্তেফাক।
